মূল নথির খোঁজে সিআইডির জোড়া অভিযান
কলকাতায় কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে সিআইডির তল্লাশি
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে দুটি পৃথক স্থানে তল্লাশি চালিয়েছে সিআইডি। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, তাদের মূল লক্ষ্য ছিল একটি ‘অরিজিনাল রেজোলিউশন বুক’ উদ্ধার করা। এই রেজোলিউশন বইতেই সংশ্লিষ্ট বিধায়কদের স্বাক্ষর রয়েছে বলে জানা গিয়েছে।
তদন্তে উঠে এসেছে, গত ৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে জানান যে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি দলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও কারা দায়িত্ব পাবেন, তাও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল।
এরপর বিধানসভার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই সিদ্ধান্ত কবে এবং কোথায় নেওয়া হয়েছিল। বিধানসভা সূত্রে প্রশ্ন তোলা হয়, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই বিধায়কদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে। সেই বৈঠকের রেজোলিউশনের নথি কোথায় রয়েছে, তা জানতে চাওয়া হয়।
এর জবাবে গত ২০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আরও একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির সঙ্গে রেজোলিউশনের একটি কপিও সংযুক্ত ছিল। নথি অনুযায়ী, ৬ মে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে উপস্থিত বিধায়করা রেজোলিউশনের কপিতে স্বাক্ষর করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিম চিফ হুইপ এবং অন্যান্য সাংগঠনিক পদে কারা দায়িত্বে থাকবেন।
সিআইডি সূত্রের দাবি, এখন তদন্তকারীরা সেই বৈঠকের মূল বা অরিজিনাল রেজোলিউশন বুকের সন্ধান করছেন। সেই কারণেই কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে ওই নথির সত্যতা এবং বৈঠক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
Comments
Post a Comment