শ্যামাপ্রসাদকে সম্মান, ইতিহাস সংরক্ষণে রাজ্যের নতুন উদ্যোগ।
শ্যামাপ্রসাদের ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য সরকার
শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার তাঁর আদর্শ ও অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার হাজরা মোড়ে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু বর্তমান সরকার তাঁর দেখানো পথেই এগিয়ে চলবে।
মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকার ইতিহাস ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বাঙালি হিন্দু সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে চিরকৃতজ্ঞ।
এদিন তিনি আরও ঘোষণা করেন, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবসে তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো করা হবে এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। পাশাপাশি হুগলির জিরাটে তাঁর পৈত্রিক ভিটেতে একটি স্মৃতিসৌধ ও গ্রন্থাগার গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী।
এর আগে কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরাও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Comments
Post a Comment