জন বিশ্বাস আইন ২০২৬: রেলে বিনা টিকিটে যাত্রা, ধূমপান ও নিয়মভঙ্গে বাড়ল জরিমানা, কার্যকর নতুন বিধি

জন বিশ্বাস আইন ২০২৬: রেলে বিনা টিকিটে যাত্রা, ধূমপান ও নিয়মভঙ্গে বাড়ল জরিমানা, কার্যকর নতুন বিধি

নয়াদিল্লি, ২৬ জুন: রেলযাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে জন বিশ্বাস (ধারাসমূহের সংশোধন) আইন, ২০২৬-এর মাধ্যমে রেলওয়ে আইন, ১৯৮৯-এর একাধিক ধারায় গুরুত্বপূর্ণ সংশোধন কার্যকর হয়েছে। ভারত সরকার গত ১৯ জুন গেজেট বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত বিধিগুলি কার্যকর করার ঘোষণা করেছে। এর আগে চলতি বছরের ৮ এপ্রিল ভারতের গেজেটে এই সংশোধনী আইন প্রকাশিত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধ টিকিট বা পাস ছাড়া ভ্রমণ করলে ন্যূনতম অতিরিক্ত ভাড়া (Excess Charge) ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে, প্রতারণার মাধ্যমে বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভ্রমণের ক্ষেত্রেও মূল ভাড়ার পাশাপাশি ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে। অন্যের নামে ইস্যু করা বা হস্তান্তরিত টিকিটে ভ্রমণের ক্ষেত্রেও আগের কারাদণ্ড ও আর্থিক জরিমানার পরিবর্তে টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং মূল ভাড়ার সঙ্গে ন্যূনতম ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হবে।

রেল চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে অননুমোদিত হকারি, ভিক্ষাবৃত্তি, ধূমপান, সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ এবং মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় অবৈধভাবে ভ্রমণের ক্ষেত্রেও জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ধূমপানের জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। সংরক্ষিত কামরায় অননুমোদিত প্রবেশ করলে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় অবৈধভাবে প্রবেশ করলে টিকিট বা পাস বাজেয়াপ্ত করার পাশাপাশি কামরা থেকে বের করে দেওয়া হবে এবং ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এছাড়া, রেল চত্বরে মদ্যপান বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে রেল এলাকা থেকে বের করে দেওয়া, টিকিট বাজেয়াপ্ত করা, ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, সমাজসেবামূলক কাজ অথবা এসবের সমন্বিত শাস্তির বিধান রাখা হয়েছে।

ভারতীয় রেল যাত্রীদের কেবল বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করা, ধূমপান ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকে বিরত থাকা এবং রেলওয়ের সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। রেলের দাবি, এই সংশোধিত আইন কার্যকর হওয়ার ফলে দেশের রেল নেটওয়ার্কে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

Comments

Popular posts from this blog

তোলাবাজির অভিযোগে FIR, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ঘিরে নতুন বিতর্ক

কলকাতায় ব্রাজিল! ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জল্পনা তুঙ্গে

অভিষেককে ঘিরে বিমানবন্দরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ