দৌড় থেকে ধ্যান: ম্যারাথনে শুভেন্দু

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় ম্যারাথন, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারের অংশ হিসেবে শুক্রবার সকালে কলকাতায় আয়োজিত হল বিশেষ ম্যারাথন দৌড়। কলকাতা পুরসভার সামনে থেকে এই ম্যারাথনের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘দৌড় সে ধ্যান’ থিমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান-সহ মন্ত্রিসভার একাধিক সদস্য।

কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহাকরণের সামনে শেষ হয় ম্যারাথন। শহরের মোট ১১টি স্থানে এদিন এই কর্মসূচির আয়োজন করা হয়। ম্যারাথন শেষে যোগাসনেও অংশ নেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।

আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, কলকাতার মানুষের উৎসাহ ও অংশগ্রহণ আগামী দিনে আরও বেশি মানুষকে যোগাভ্যাসে উৎসাহিত করবে। তাঁর মতে, দৌড় শরীরকে শক্তিশালী করে এবং যোগাভ্যাস শরীর ও মন—দুইকেই সুস্থ রাখে। তিনি ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২১ জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব দেবেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের যোগ দিবসে কলকাতা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন নজির গড়বে। মুখ্যমন্ত্রীর দাবি, রেড রোডে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নিতে পারবেন। পাশাপাশি শহরের ১৪৫টি ওয়ার্ড এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে যোগ দিবসে অংশ নিয়ে নতুন রেকর্ড গড়ার আহ্বান জানান তিনি।


Comments

Popular posts from this blog

তোলাবাজির অভিযোগে FIR, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ঘিরে নতুন বিতর্ক

কলকাতায় ব্রাজিল! ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জল্পনা তুঙ্গে

অভিষেককে ঘিরে বিমানবন্দরে বিজেপি-তৃণমূল সংঘর্ষ