সই জালিয়াতিকাণ্ডে ফের CID-এর তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রবিবারও জিজ্ঞাসাবাদ
সই জালিয়াতিকাণ্ডের তদন্তে ফের CID-এর মুখোমুখি হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ জুন, রবিবার দুপুর ১২টায় তাঁকে পুনরায় তলব করেছে CID।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গতকাল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি বলে CID-এর দাবি। সূত্রের খবর, তদন্তকারীদের বিভিন্ন প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারান তিনি।
ইতিমধ্যেই আদালতে CID দাবি করেছে যে, বিধায়কদের স্বাক্ষর-সংবলিত তালিকার ফটোকপি করে বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই কারণেই তদন্তকারীদের অনুমান, আসল রেজোলিউশন বুক তাঁর কাছেই থাকতে পারে।
CID সূত্রে আরও জানা গিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)-এর ১০ থেকে ১২ জন সদস্য গতকালের জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন। তদন্তকারীরা বারবার জানতে চান, আসল রেজোলিউশন বুক বর্তমানে কোথায় রয়েছে।
উল্লেখ্য, শোভনদেব চট্টোপাধ্যায়-কে বিরোধী দলনেতা করার প্রস্তাব সংবলিত একটি নথি বিধানসভায় জমা দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই প্রস্তাবে মোট ১৩ জন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রত্যেক বিধায়কের অনুমতি নেওয়া হয়েছিল কি না, স্বাক্ষরের সময় কারা উপস্থিত ছিলেন— সেই সম্পর্কেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের সময় একজন হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন বলে CID সূত্রে দাবি। তদন্তকারীদের পক্ষ থেকে রবিবারের হাজিরার সময় রেজোলিউশন-সংক্রান্ত আরও কিছু নথি জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments
Post a Comment